Views: 1
খুলনার বাগমারা এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় এক বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গুলি ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামক দুই যুবককে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাগমারার কাঁঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাসীদের দমন করতে কোস্ট গার্ডের এই বিশেষ তৎপরতা চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।