Views: 1
অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট।
দেশের ৩০০টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের এই বিশাল কর্মযজ্ঞে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার।
এর মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন পুরুষ এবং ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন নারী ভোটার রয়েছেন। এছাড়াও ১ হাজার ২৩২ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন।
এবারের নির্বাচনে আসনভিত্তিক ভোটার সংখ্যায় বড় ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশের ৩০০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন গাজীপুর-২ আসনে, যেখানে ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, মাত্র ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ভোটার নিয়ে ঝালকাঠি-১ আসনটি এবারের নির্বাচনের ক্ষুদ্রতম আসনে পরিণত হয়েছে।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি নতুন অধ্যায় শুরুর লক্ষ্যে জনগণের এই বিপুল রায় কোন পথে যায়, তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দেশ।