Views: 1
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে কাপ্তাইয়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়। সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আইনের নানা দিক তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন। তিনি মাল্টিমিডিয়ার মাধ্যমে আচরণ বিধিমালার ৪ থেকে ২৫ ধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেন। সভায় জানানো হয়, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে কিংবা গোপনে চাঁদা বা অনুদান গ্রহণ করতে পারবে না।
এছাড়া প্রচারণার ক্ষেত্রে সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজ ব্যবহার এবং কোনো সামাজিক সংগঠন থেকে সংবর্ধনা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার সতর্ক করে বলেন, নির্বাচনী বিধিনিষেধ অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে কাপ্তাইয়ের সকল অংশীজন নির্বাচনী আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করেছেন, যা একটি শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।