Views: 3
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃতি সন্তান এস এম আরিফ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘অ্যাডভোকেট-অন-রেকর্ড’ (AOR) হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটির মৌখিক পরীক্ষায় অভাবনীয় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে তিনি এই অনন্য সম্মান অর্জন করেন। এর ফলে এখন থেকে তিনি দেশের সর্বোচ্চ আদালতে মামলা পরিচালনার বিশেষ অনুমতি লাভ করলেন। আরিফ মন্ডলের এই সাফল্যে পলাশবাড়ীসহ পুরো গাইবান্ধা জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সন্তান। তিনি মো. আব্দুস সালাম মন্ডল বাদশাহর জ্যেষ্ঠ পুত্র এবং মরহুম আব্দুস সোবহান মন্ডলের নাতি। ২০০৮ সালে আইন পেশায় যাত্রা শুরু করা আরিফ মন্ডল ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অত্যন্ত নিষ্ঠার সাথে প্র্যাকটিস করে আসছেন। বিশেষ করে শ্রম আইন বিশেষজ্ঞ হিসেবে আইন অঙ্গনে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়াও প্রশাসনিক, কোম্পানি, বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং ওয়াকফ সংক্রান্ত জটিল মামলা পরিচালনায় তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বর্তমানে বেশ কিছু সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্যানেল আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।
মেধাবী এই আইনজীবীর শিক্ষাজীবনের শুরু পলাশবাড়ীর সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি লাভ করেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি নিয়মিত আইনবিষয়ক কলাম ও গবেষণামূলক লেখালেখি করেন, যা বিচারক ও আইনজীবীদের মহলে ব্যাপকভাবে সমাদৃত। পলাশবাড়ী উপজেলার সন্তান হিসেবে তিনিই প্রথম আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হওয়ার গৌরব অর্জন করায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছে।