শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কাপ্তাই সফরে পার্বত্য সচিব: মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Views: 0

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক সরকারি সফরে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগমন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি রাঙামাটি সার্কিট হাউজ থেকে সড়কপথে কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট এলাকায় অবস্থিত কাপ্তাই আল আমিন নূরীয়া দাখিল মাদ্রাসায় পৌঁছান। সচিবের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাঝে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

মাদ্রাসায় অবস্থানকালে সচিব মহোদয় ইউএনডিপি’র (UNDP) কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় কাপ্তাই এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কাজের গুণগত মান যাচাই করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার তাগিদ দেন।

এ সময় সচিবের সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সফরকালে তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে সরকার বদ্ধপরিকর এবং চলমান সকল উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update