Views: 0
রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বরণ করে নিতে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভাটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যাওয়া সভাস্থলে নেতা-কর্মীদের মাঝে লক্ষ্য করা গেছে অভূতপূর্ব উদ্দীপনা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এলাকার শান্তি ও উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে প্রচারণায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, অ্যাডভোকেট মো: মাসুম, অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং জেলা মহিলা দলের নেত্রী পারুল আক্তারসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় পর্যায়ের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদের নির্দেশনায় প্রচার কার্যক্রমটি সুসংগঠিতভাবে পরিচালিত হয়। ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো: মোবারক খাঁনসহ অন্যান্য নেতারা। পথসভার সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ কেংড়াছড়ির প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।