Views: 1
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুট গুদাম ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১০ ডিসেম্বর) ভোর বেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে একটি ঝুট গুদাম ও ১৩ টি দোকান মালামালসহ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি’র আশঙ্কা করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাইজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমবাগ পূর্ব পাড়া এলাকায় স্থানীয় নজরুল ইসলামের মালিকানাধীন টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়।”
তিনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ও সারাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সোয়া দুই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে টিনশেডের একটি গুদাম, ১৩ টি দোকান ও মালামাল পুড়ে গেছে।”
তিনি এও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।