Views: 0
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজারে বিশাল নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছে বিএনপি। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে লিফলেট বিতরণ ও এক পথসভা অনুষ্ঠিত হয়। চিম্বুক ১২ মাইল বাজার ম্রো কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সদর উপজেলা বিএনপির সদস্য চ্যংরেং ম্রো-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। তিনি চিম্বুক ১২ মাইল বাজারের ছোট ছোট সড়কগুলোতে গিয়ে ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুছ বলেন, “দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে সাচিংপ্রু জেরীকে ভোট দিয়ে জয়ী করবেন।” বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ের গরিব ও অসহায় মানুষের কল্যাণে বিশেষ প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আয়ুব আলী মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়নের সাবেক মেম্বার প্লংনাং ম্রো, ইউপি সদস্য মো. জসিম উদ্দীন, মো. রফিকুল আলম এবং জেলা যুবদলের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক পারিং ম্রোসহ স্থানীয় কারবারি ও তৃণমূলের নেতৃবৃন্দ। বক্তারা পাহাড়ি জনপদে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ করেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সদর উপজেলার চারটি ইউনিয়নের জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বান্দরবানের নির্বাচনী সমীকরণে নতুন প্রাণের সঞ্চার করেছে।