Views: 1
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নির্বাচনী প্রতিশ্রুতিগুলো নিয়ে গঠনমূলক প্রশ্ন তুলে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এই চিঠিতে তিনি তারেক রহমানের আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি ‘ঘরে ঘরে ফ্রি ইন্টারনেট’ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন। বিদিশা লিখেছেন, তারেক রহমানের এসব উদ্যোগ মানুষের মনে প্রত্যাশা জাগালেও ২০ কোটি মানুষের দেশে এটি বাস্তবায়ন করা প্রযুক্তিগত ও আর্থিকভাবে এক বিশাল চ্যালেঞ্জ।
বিদিশা তাঁর চিঠিতে তারেক রহমানের কাছে তিনটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছেন। প্রথমত, দেশব্যাপী বিনামূল্যে ইন্টারনেট নিশ্চিত করার অর্থনৈতিক ও অবকাঠামোগত মডেল কী হবে? দ্বিতীয়ত, বর্তমান টেলিকম অপারেটরদের সাথে সরকারের সমন্বয় কীভাবে ঘটবে? এবং তৃতীয়ত, সিঙ্গাপুরের মতো ছোট দেশের মডেল বাংলাদেশের মতো জনবহুল দেশে কতটুকু কার্যকর হবে? তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, এই প্রশ্নগুলো কোনো সমালোচনা নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর পরিকল্পনাকে আরও গভীরভাবে বোঝার একটি প্রচেষ্টা।
চিঠিতে বিদিশা আরও উল্লেখ করেন, তাঁর সন্তান এরিক এরশাদ যখন ঘরে ঘরে ফ্রি ইন্টারনেটের কথা শুনেছে, সে অত্যন্ত খুশি হয়েছে। একজন স্পেশাল চাইল্ডের মা হিসেবে বিদিশা মনে করেন, শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট সুবিধা এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যের দ্রুতগতির ইন্টারনেটের মতো বাস্তবসম্মত সম্ভাবনাগুলো বিবেচনা করা উচিত। তারেক রহমানের এই উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলো যাতে কেবল জনতুষ্টির সস্তা স্লোগান না হয়ে বাস্তবসম্মত রূপরেখা পায়, সে বিষয়ে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।