Views: 0
বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ দুলাল মন্ডল (৪৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল মন্ডল ওই গ্রামের উত্তরপাড়া এলাকার আফজাল মন্ডলের ছেলে। ধুনট থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুলাল মন্ডল পালানোর চেষ্টা করেন।
পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।