Views: 1
বগুড়ার ধুনটে পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রাজ্জাকসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আটককৃতদের মধ্যে ১০ জনকে জুয়ার আসর থেকে এবং অন্য একজনকে পৃথক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব গুয়াডহুরী গ্রামের মালেক (৩৮), গোসাইবাড়ির বলাই মন্ডল (৪৭), মরিচতলা গ্রামের আবুল কাশেম (৭২) ও আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), কাজিপুরের মোজাম্মেল হক (৪২), বরইতলীর মাসুদ সরকার (৪০), চুনিয়াপাড়ার মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ীর আলামিন (৪১), এবং সারিয়াকান্দির খোকন প্রাং (৪০) ও তোফাজ্জল হোসেন।
ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে অপরাধ ও জুয়ামুক্ত রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।