Views: 0
বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর ২০ জনের অধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ঢাকইর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে শামিল হন।
যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। যারা জামায়াতের রাজনীতি থেকে বেরিয়ে এসে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাঁদের সাহসী সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।
বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে সাবেক এমপি মোশারফ হোসেনের ব্যাপক জনপ্রিয়তা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আমাদের তাঁর নেতৃত্বে কাজ করতে উৎসাহিত করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে জামায়াত নেতাকর্মীদের এই গণযোগদান নন্দীগ্রাম ও কাহালু এলাকায় বিএনপির সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।