Views: 0
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রক্রিয়া জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার, ১৭ নভেম্বর, সংলাপের তৃতীয় দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরো ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
আজ শনিবার ইসি সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি’র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সোমবার মোট দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময় করা হবে:
বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
এর আগে, আগামীকাল রোববার সকাল ও বিকেলে দুই পর্বে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোটসহ মোট ১৮টি দলের সঙ্গে আলোচনা করবে ইসি।
ইসি’র জনসংযোগ শাখা জানিয়েছে, এবারের সংলাপে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং প্রার্থীর অঙ্গীকারনামা সম্পাদনের পাশাপাশি কিছু নতুন ও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচ্যসূচির মূল বিষয়গুলো হলো:
নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ও পরে রাজনৈতিক দলসমূহের করণীয়। নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা। মিসইনফর্মেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধ। নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর অপব্যবহার নিয়ন্ত্রণ। সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে ইসি। সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে ইসির এই ধারাবাহিক সংলাপ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।