Views: 1
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি তার দলীয় পদ। বিএনপির পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজির সম্প্রতি এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, যা দলের কঠোর শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তির পরিপন্থী। এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নাজিরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরণের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দল জিরো টলারেন্স নীতি বজায় রাখবে এবং কঠোর অবস্থানে থাকবে। উল্লেখ্য, গতকাল বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে নাজিরের অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দায়িত্ব পালনকালে পুলিশের সাথে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত দলীয়ভাবে নাজিরের বিরুদ্ধে এই তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।