Views: 0
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তিন সাবেক সংসদ সদস্যসহ ১৭৩ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন শহরের বৃন্দাবন পশ্চিমপাড়ার নুর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫)। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নামীয় ১৭৩ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহফুজ আলম।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি হাবিবর রহমান, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খাঁন রবিন। বাদি আলিফ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য দাবি করে এজাহারে উল্লেখ করেন যে, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার মিছিলটি শহরের চাঁদনী বাজার মোড় কাঁঠালতলায় পৌঁছালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
মামলার আর্জিতে আরও জানানো হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সরাসরি নির্দেশে আসামিরা ককটেল, হাতবোমা, লাঠি, কিরিচ, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। এ সময় আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজসহ তাঁদের জীবননাশের হুমকি প্রদান করা হয়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আন্দোলন দমাতে চড়াও হয়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলাটি করা হয়েছে বলে বাদি পক্ষ জানিয়েছেন।