Views: 0
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান প্রার্থীদের হাতে তাঁদের কাঙ্ক্ষিত প্রতীক তুলে দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক প্রচারণার পথ প্রশস্ত হলো।
এদিন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তাঁদের মধ্যে জেএসডি-র আব্দুল্লাহ আল ওয়াকি ‘তারা’, ইসলামী আন্দোলনের মামুনুর রশিদ ‘হাতপাখা’, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ‘দাঁড়িপাল্লা’ এবং বাসদ-এর দিলরুবা নূরী ‘মই’ প্রতীক পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। সদর আসনে তারেক রহমানের ধানের শীষ পাওয়ার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।