বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বগুড়া-২ আসনে জামায়াতের নির্বাচনী অফিসে সশস্ত্র হামলার অভিযোগ; আহত ৩
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

Views: 1

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কিচক ইউনিয়ন জামায়াতের আমির মোফাজ্জল হোসেন দাবি করেন, বিএনপি সমর্থিত একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। হামলায় জামায়াতের ৩ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হামলায় কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শাহ জালাল, সমর্থক মোঃ রশিদুল ইসলাম ও মোঃ আবু তাহের আহত হন। সন্ত্রাসীরা শাহ জালালকে গলা চেপে হত্যার চেষ্টা করে এবং নির্বাচনী অফিস তছনছ করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জামায়াত নেতৃবৃন্দের অভিযোগ, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেলেও শিবগঞ্জ থানায় এজাহার দায়েরের পর এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা নির্বাচনকালীন নিরপেক্ষতা ও আইনের শাসনের ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান। নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিবগঞ্জের বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং প্রশাসন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তারা স্পষ্ট ভাষায় জানান, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে চায়, তবে প্রতিপক্ষের এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update