Views: 4
নতুন বছর ২০২৬ সালের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ বোর্ড সভায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ২২ জন থেকে বাড়িয়ে ২৭ জনে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র দুই মাসের জন্য চুক্তিতে থাকায় মার্চ থেকে এই সংখ্যা ২১-এ নেমে এসেছিল। এবার সেই তালিকায় অন্তত ছয়জন নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, স্পিনার নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার জোরালো প্রস্তাব করা হয়েছে। এছাড়া তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানও তালিকায় জায়গা পেতে পারেন। টেস্ট ও ওয়ানডে ম্যাচের আধিক্য থাকায় মাহমুদুল হাসান জয় অথবা চোট কাটিয়ে ফেরা পেসার ইবাদত হোসেন চৌধুরীর মধ্যে যেকোনো একজনকে রাখার পরিকল্পনা রয়েছে। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও ফেরানোর চিন্তাভাবনা করছে বোর্ড।
এদিকে বড় পরিবর্তন আসতে পারে ক্যাটাগরি বিন্যাসে। সবশেষ চুক্তিতে একমাত্র ‘এ+’ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ চোটের কারণে টেস্টে অনিয়মিত হওয়ায় এবার শীর্ষ এই ধাপে তাঁর থাকার সম্ভাবনা ক্ষীণ। ধারণা করা হচ্ছে, তিনি নেমে যেতে পারেন ‘এ’ ক্যাটাগরিতে। বর্তমানে এই ক্যাটাগরিতে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।