রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রংপুরে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন: ছিটকে পড়লেন আরও ৬ প্রার্থী
রংপুর ব্যুরো: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

Views: 2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুরের নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) রংপুর-৩ ও রংপুর-৪ আসনের প্রার্থীদের আবেদন যাচাই শেষে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রংপুর-৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রিটা রহমানসহ বাসদ-মার্কসবাদীর আনোয়ারুল ইসলাম বাবলু এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে বর্তমানে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরসহ সাতজন প্রার্থী নির্বাচনী দৌড়ে বৈধ হিসেবে টিকে রয়েছেন। উল্লেখ্য যে, এই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, যাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, রংপুর-৪ আসনেও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আব্দুস সালাম এবং দুই স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার ও জয়নুল আবেদিন। এই আসনে বর্তমানে বিএনপি, জাতীয় পার্টি ও এনসিপি প্রার্থীসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, বকেয়া পাওনা পরিশোধ না করা, মামলার তথ্য গোপন, দলীয় প্রধানের সঠিক স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র দাখিলে ব্যর্থতা এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় এসব প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নও বাতিল করা হয়েছিল। ফলে রংপুরে বড় দলগুলোর বেশ কয়েকজন প্রার্থী প্রাথমিক যাচাই-বাছাইয়ে ছিটকে পড়ায় নির্বাচনী মেরুকরণ নতুন দিকে মোড় নিচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update