বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজধানীর সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মাঠ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

​স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাপ্রধান ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা কৌশল পর্যালোচনা করা।

​সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্যের পরিচয় দিতে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, নির্বাচনকালীন প্রতিটি পদক্ষেপে শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখতে হবে। সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বর্তমান পরিস্থিতিতে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান ধারাবাহিকভাবে দেশের গুরুত্বপূর্ণ ১১টি এরিয়া (ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার) পরিদর্শন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করেছেন। আজকের এই পরিদর্শন রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের মাঝে আস্থা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update