Views: 0
দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পর্যটক ও উদ্যোক্তা উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) রাজধানীর একটি হোটেলে ‘দি বাংলাদেশ মনিটর’ ও ‘গ্যালাক্সি গ্রুপ’ আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান পর্যটন স্পটগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সেন্ট মার্টিন নিয়ে যখন নানা অপপ্রচার চলেছে, তখন পর্যটন খাতের উদ্যোক্তারা নীরব ছিলেন। আপনারা কথা বললে এত শোরগোল হতো না।” তিনি আক্ষেপ করে বলেন, “আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই। একই প্রবণতা সিলেটের সাদা পাথর এবং হাওরের ক্ষেত্রেও দেখা গেছে। অপার সম্ভাবনা থাকার পরও কেবল দায়িত্বশীল আচরণের অভাবে এই শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।”
অনুষ্ঠানে দেশের ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তিসহ মোট ৩৫ জন অংশীজনকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো পর্যটন খাতের সেবার মান ও পেশাদারিত্বের উন্নয়নে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করা। উপদেষ্টা তাঁর বক্তব্যের শেষে পর্যটন ব্যবসায়ীদের কেবল মুনাফার দিকে না তাকিয়ে পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার অনুরোধ জানান।