Views: 1
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন। মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, একটি রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং কোনো সাংবাদিককে সত্য প্রকাশের কারণে কোনোভাবেই হয়রানি করা হবে না।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ডা. জাহিদ হোসেন আরও বলেন, দিনাজপুর-৬ আসনের উন্নয়ন এবং এই অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও গণমাধ্যম পরিচালনার চ্যালেঞ্জগুলো তুলে ধরলে ডা. জাহিদ হোসেন তা ধৈর্যসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।