Views: 0
পুরনো স্মৃতি আর গ্রামবাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে নতুন স্বাদে ফিরিয়ে আনতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। টানা ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় উপজেলার ডাংগাপাড়া মডেল স্কুল চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মেলায় মোট ৮টি সুসজ্জিত স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়েছেন আয়োজকরা। গ্রামবাংলার চিরচেনা ভাপা, পুলি, পাটিসাপটা ও হাতে বানানো ধান সেমাইয়ের পাশাপাশি মেলায় স্থান পেয়েছে ঝিনুক পুলি, জামাই সোহাগী, গোলাপ ফুল, রসগোল্লা ও তেলেভাজা রসপিঠাসহ প্রায় অর্ধশতাধিক বৈচিত্র্যময় পিঠা। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া এসব পিঠা কাছে পেয়ে খুশিতে আত্মহারা খুদে শিক্ষার্থী ও এলাকাবাসী।
পিঠা উৎসবের আয়োজক আনোয়ারুল ইসলাম জানান, পিঠা-পুলির যে চিরায়ত ঐতিহ্য আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য। স্বল্পমূল্যে সুস্বাদু ও পুষ্টিকর পিঠার স্বাদ নিতে পেরে খুশি দর্শনার্থীরাও। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ গ্রামীণ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং প্রতি বছরই এর পরিধি আরও বৃদ্ধি পাবে।