Views: 2
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, হিলি স্থলবন্দর এক সময় দেশের অন্যতম জমজমাট ও সমৃদ্ধ ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল। তবে বর্তমানে এই বন্দরের সেই প্রাণচাঞ্চল্য আর নেই এবং আগের মতো ব্যবসা-বাণিজ্য হচ্ছে না। বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করা গেলে এই এলাকার অর্থনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে যাবে বলে তিনি বিশ্বাস করেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি ছাতনী চার মাথার দলীয় কার্যালয়ে হাকিমপুর পৌর বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডাঃ জাহিদ হোসেন দিনাজপুরের আঞ্চলিক সমস্যার কথা তুলে ধরে আরও বলেন, দিনাজপুর-৬ আসনের স্বাস্থ্যখাত অত্যন্ত অবহেলিত। উন্নত চিকিৎসার অভাবের কারণে এখানকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত দিনাজপুর সদর অথবা বগুড়ায় ছুটতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর ও ব্যয়বহুল। বিএনপি ক্ষমতায় আসলে দিনাজপুর-৬ আসনের সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতের আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে। প্রতিটি মানুষ যাতে নিজ এলাকায় সঠিক সুস্বাস্থ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপি কাজ করে যাবে।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।