Views: 0
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক আচরণের কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেকে এখন বেসামাল হয়ে পড়েছেন। মাঘ মাসেই যদি মাথা গরম করেন, তবে সামনে তো চৈত্র মাস—তখন কী করবেন? এখনই মাথা গরম করলে চৈত্র মাসে পুরা আউট হয়ে যাবেন।” বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টিম মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে বলেন, “আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব। বিশেষ করে মায়েদের ঘরে, বাইরে এবং কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। ইনশাআল্লাহ, কোনো জালিম নারী জাতির দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না—এমন বাংলাদেশ আমরা তৈরি করব।” প্রতিপক্ষের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়ে বলেন, “মাথা ঠান্ডা রাখুন, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষ কী ভাবছে তা কান পেতে শুনুন; তবেই দেশ বাঁচবে এবং সবাই শান্তিতে থাকবে।”
দুর্নীতি ও সুশাসনের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, “আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে তা করতে দেব না। দুর্নীতিবাজদের আমরা বগলের নিচে আশ্রয় দেব না। যারা ব্যাংক ডাকাতি করেছে, তাদের সাথে কোনো আপস হবে না এবং মামলা বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।” পরিশেষে নারীদের সম্মানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মায়েদের অপমান করবেন না। আমরা সবাই মায়ের গর্ভ থেকে এসেছি। মায়েদের যত সম্মান দেবেন, আল্লাহ এই জাতিকে তত বেশি সম্মানিত করবেন। সুতরাং সংকীর্ণ রাজনীতি ছেড়ে সম্মানের পথ বেছে নিন।”