নাটোরের লালপুর উপজেলায় থানার ১ কিলোমিটার পশ্চিমে নাটোর জজ আদালতের আইনজীবী এ্যাড. শ্রী সাধন কুমার দাস এর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।
বুধবার ২৩ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাধবপুর ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শ্রী সাধন কুমার মৃত ননী গোপাল দাসের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ৮-১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় এ্যাডভোকেট শ্রী সাধন কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থাকা প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা নগদ এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। বাধা দিতে গেলে সাধনের ভাইয়ের ছেলে রিপন ও তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাধন কুমার ও রিপনের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত শ্রী রিপন কুমার দাস বলেন, আমার কাকা এডভোকেট সাধন কুমার দাস আমার পার্শ্বের রুমে ঘুমাচ্ছিলেন হঠাৎ রাত দেড়টার দিকে কাকার চিৎকার শুনে আমি উঠে দেখি মুখ বাধা কিছু ডাকাত সদস্যরা আমার কাকার ঘরের দরজা ভেঙ্গে লুটপাট ও মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে অতর্কিতভাবে মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়।
বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থান পরিদর্শন করে ও পুলিশের বিশেষ এক ট্রিম আসামি সনাক্তকের কাজ চলাছে। লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।