
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক কিশোরী দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে উঠেছিল। কিন্তু সে ভুল করে শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
সোমবার (১৪ জুলাই) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হান শায়েস্তাগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই কিশোরী গত ১২ জুলাই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ করে। পরবর্তীতে সেই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
