মোসাঃ মুন্নি আক্তার, মহানগর প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম তানজিবা সাইফুল তিশমা (২২), যিনি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিশমা বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুত গতির ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানজিবা সাইফুল তিশমা তার পরিবারের সাথে নগরীর মুরাদপুর এলাকায় বসবাস করতেন এবং তাদের গ্রামের বাড়ি ছিল বোয়ালখালী উপজেলায়। তার অকাল মৃত্যুতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় পুলিশ রিকশাটি জব্দ করেছে এবং চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে।