ঢাকা, ২৫ নভেম্বর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে আয়োজিতব্য গণভোটের ব্যালট পেপার জাতীয় নির্বাচনের ব্যালট পেপার থেকে ভিন্ন রঙের হবে। ভোটারদের সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গণভোট অধ্যাদেশ-২০২৫ আকারে অনুমোদন পাওয়ার পর এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, “ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন।”
আইন উপদেষ্টা জানান, নির্বাচনের সুষ্ঠু পরিচালনার জন্য সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।
তিনি নিশ্চিত করেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি এবং ভোটারদেরকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে।
ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, আজ বা কালকের মধ্যেই এই গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে, যার মাধ্যমে নির্বাচন কমিশনকে এই যুগপৎ ভোট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।