ঢাকা, ২৫ নভেম্বর: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)-এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ঘোষণা করেন।
দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি শেখ রেহানা।
মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এদিকে, মামলার প্রধান দুই আসামি শেখ হাসিনা ও শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।