ঢাকা, ২৫ নভেম্বর: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই নতুন লঘুচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাগরে সৃষ্ট দুটি সুস্পষ্ট ব্যবস্থার কথা বলা হয়েছে:
১. প্রথম নিম্নচাপ: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আজ দুপুর ১২টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ২. দ্বিতীয় লঘুচাপ: নতুন লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে সৃষ্টি হয়েছে। এটিও আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। জেলেদের নিরাপত্তার জন্য এই সতর্কবার্তা মেনে চলা জরুরি।