
গাজীপুর মহানগরস্থ গাছা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ভোটারদের মনে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। কে হচ্ছেন আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক, তা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে অনেকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং ১৯ ডিসেম্বর ক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। একাধিক প্রার্থীর নাম নিয়ে গুঞ্জন চলছে।
জানা গেছে, অভিজ্ঞ সাংবাদিক এবং তরুণ প্রতিনিধিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। প্রেস ক্লাবের আগামী নেতৃত্ব কেমন হবে, সে বিষয়ে সাংবাদিকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। ভোটারদের আলোচনায় এবার নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তাঁর প্রতিশ্রুতির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
নির্বাচনে প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সমর্থন পেতে ব্যক্তিগত যোগাযোগ এবং প্রচারণা শুরু করেছেন। গাজীপুর মহানগরীর সাংবাদিকতার ইতিহাসে গাছা প্রেস ক্লাবের এই নির্বাচন এবার একটি ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।
