
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ সুযোগ হিসেবে অভিহিত করে পুলিশ কর্মকর্তাদের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি এই নির্বাচনকে সমাজের ‘বিল্ডিং কোড’ তৈরির সুযোগ হিসেবে বর্ণনা করেন, যা ভবিষ্যতে কোনো ঝাঁকুনিতে নড়বে না। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রফেসর ইউনূস বলেন, আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয়, এর সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা আরও বড় বিষয়। “গণভোট আরও বড় বিষয়—এটা সেই ‘বিল্ডিং কোড’। আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব, সেটাই আগামী একশ বছর জাতিকে পথ দেখাবে।” তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনাদের ওপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হোন।” তিনি নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এসপিদের পদায়নে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলেও জানান এবং দেশের বৃহত্তর স্বার্থে তা সহজভাবে নেওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তৃতায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসকে (১৭) স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আনাস মিছিলে যোগ দেওয়ার আগে তার মায়ের কাছে যে চিঠি লিখেছিল, সেটির একটি অংশ উদ্ধৃত করার সময় তাঁর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে: “আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারি না। আমি যদি ফিরতে না পারি, তাহলে আমাকে ক্ষমা করে দিও।” প্রফেসর ইউনূস বলেন, “তার (আনাসের) কথাই আমাদের দায়িত্ব নির্ধারণ করে।
আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না।”
তিনি পুলিশ কর্মকর্তাদের আগামী তিন মাস নিরলসভাবে কাজ করে আনাসের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান এবং আনাসের লেখা চিঠিটি সঙ্গে রাখার অনুরোধ করেন। প্রফেসর ইউনূস বিশ্বাস করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ‘একটি নতুন বাংলাদেশ’ জন্ম নেবে এবং তাঁদের কাজ হবে ধাত্রীদের মতো সহায়তা করা। তিনি বলেন, “পর্যবেক্ষকরা বাইরে থেকে এসে আমাদের মধ্যে ত্রুটি খুঁজতে চাইবে… কিন্তু আমরা এমন একটি (স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর) নির্বাচন উপহার দেব, যা তারা উদাহরণ হিসেবে বহন করে বহু দেশে আলোচনা করবে।” অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
