জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত ২২টি প্রকল্পের মধ্যে ১৪টি সম্পূর্ণ নতুন প্রকল্প, ৫টি সংশোধিত এবং ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যার মধ্যে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অন্যতম।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোংলা নৌঘাঁটি ও সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু বড় প্রকল্প অনুমোদন পেয়েছে আজকের সভায়। এর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প অন্যতম। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার বড় অংশই রাঙ্গামাটি ও সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার টেকসই পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীনে বগুড়া অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দারুল আরকাম ইসলামী শিক্ষা সুসংহতকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদন করা হয়। সভায় ইতিপূর্বে পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়েছে।