“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সামাজিক মূলধারায় একীভূত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ডিআরআরএ’-এর আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
ডিআরআরএ-এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, যমুনা টেলিভিশনের সাংবাদিক বিএম খোরশেদ আলম এবং সাংবাদিক আল মামুন। এছাড়াও ডিআরআরএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শিশুদের উৎসাহ প্রদান করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।