শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈধ ৩০ গ্রাহকের লাইন কাটার অভিযোগ
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস কর্তৃপক্ষের অভিযানে চরম ভোগান্তিতে পড়েছেন বৈধ গ্রাহকরা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় নিয়মবহির্ভূতভাবে ৩০টিরও বেশি বৈধ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

অভিযান চলাকালীন ৮০ বছর বয়সী বৃদ্ধা রোসনা খাতুনকে হাতে গ্যাস বিলের রশিদ নিয়ে অশ্রুসিক্ত চোখে আহাজারি করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া বিল পরিশোধ থাকলেও কোনো নোটিশ ছাড়াই তাঁর বৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রোসনা খাতুনের মতো আরও অনেক বৈধ গ্রাহক তিতাসের এমন কর্মকাণ্ডে হতবাক এবং ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের দাবি, নিয়মিত বিল পরিশোধ করার পরও তাঁদের সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে, যা চরম অমানবিক।

এ বিষয়ে তিতাস গ্যাস জয়দেবপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্য ছিল। তবে বৈধ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি আশ্বাস দেন যে, গ্রাহকরা তাঁদের বৈধ কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করলে দ্রুত পুনরায় সংযোগ প্রদানের ব্যবস্থা করা হবে। তিতাস কর্তৃপক্ষের এমন দায়সারা আশ্বাসে সন্তুষ্ট হতে পারছেন না ভুক্তভোগী সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com