সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান: ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সুরভী গ্রেপ্তার
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ‘সমন্বয়ক’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া এই তরুণীর বিরুদ্ধে সেনাবাহিনী প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ব্ল্যাকমেইলিং-এর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সুরভী দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সেনাপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে আপত্তিকর প্রচার চালিয়ে আসছিলেন, যা জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

গ্রেপ্তারকৃত সুরভী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির সমন্বয়ক হিসেবে দাবি করলেও স্থানীয় পর্যায়ে তাঁর কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন ছিল। যৌথবাহিনীর অভিযান শেষে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com