বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৬ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর প্রিয় নেতার বাংলাদেশে আগমনকে স্বাগত জানাতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ও চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেনের নেতৃত্বে মিছিলটি বড়ইছড়ি বাজার এলাকা থেকে শুরু হয়। এরপর এটি কাপ্তাই-ঘাগড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঘুরে পুনরায় বড়ইছড়ি বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপির বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের আকাশ-বাতাস কাঁপানো স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজক নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন মাইলফলক। দীর্ঘ দেড় দশক পর নেতার ফেরার সংবাদে তৃণমূল পর্যায়ে এক নতুন উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হয়েছে। আনন্দ মিছিল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং জনসাধারণের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সমাবেশ থেকে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বরণ করে নিতে সকল স্তরের জনগণকে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।