বগুড়ার ধুনট উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুল হাসান (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান উপজেলার নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ভাণ্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে ধুনট শহরের হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় অবস্থিত দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছিল বিএনপি। অনুষ্ঠান চলাকালীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মাহফিলে অতর্কিত ককটেল হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এই নজিরবিহীন সহিংসতার ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার ১২টার দিকে তাঁকে ধুনট থানা থেকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্যান্য এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।