ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তহমিনা সুলতানা নীলার নিকট এই মনোনয়নপত্র হস্তান্তর করেন প্রস্তাবক বিএনপি নেতা মোজাম্মেল হক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, দিনাজপুর-৬ নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব মিলন প্রধান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন এবং জেলা যুবদল নেতা এডভোকেট শিরন আলম। মনোনয়নপত্র জমা দানকে কেন্দ্র করে বিরামপুর উপজেলা চত্বরে বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে, যা এলাকায় এক উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি করে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনের এই চার উপজেলায় মোট ৫ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন ভোটার আগামী নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে নবাবগঞ্জে ২ লাখ ৮ হাজার ৬৮৪ জন, বিরামপুরে ১ লাখ ৭০ হাজার ৪০২ জন, ঘোড়াঘাটে ১ লাখ ১৪ হাজার ২৬৭ জন এবং হাকিমপুরে ৮৫ হাজার ৩৩৬ জন ভোটার রয়েছেন।
বিশেষত এবারের নির্বাচনে ২৭ হাজার ২২৬ জন নতুন ভোটার এই আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন ভোটারদের মধ্যে নবাবগঞ্জে ১২ হাজার ৩৫৩ জন, বিরামপুরে ৬ হাজার ১৬৪ জন, হাকিমপুরে ৩ হাজার ৭৮৬ জন এবং ঘোড়াঘাটে ৪ হাজার ৯২৩ জন অন্তর্ভুক্ত হয়েছেন। বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।