বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পার-নওগাঁ মরছোলা স্কুলের সামনে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। শোকাতুর পরিবেশে আয়োজিত এই সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আযম রানা। এছাড়াও সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুজ্জামান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকিরসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।