জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের পদপ্রার্থী আখতার হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে। নির্বাচনে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী, এই নেতার নিজের কোনো বাড়ি বা ব্যক্তিগত গাড়ি নেই। তবে তার কাছে নগদ জমা রয়েছে ১৩ লাখ টাকা এবং তার স্ত্রী সানজিদা আক্তারের কাছে রয়েছে ৪ লাখ টাকা। এছাড়া ব্যাংকে তার নামে জমা রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা। পেশায় শিক্ষানবিশ আইনজীবী আখতার হোসেন হলফনামায় তার স্ত্রীর পেশা হিসেবে গৃহিণী উল্লেখ করেছেন।
আয়ের উৎস হিসেবে হলফনামায় জানানো হয়েছে, কৃষি, ব্যবসা ও চাকরি থেকে আখতার হোসেনের বাৎসরিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। স্বর্ণালঙ্কারের বিবরণে দেখা যায়, তার নিজের ৭ লাখ টাকা মূল্যের এবং স্ত্রীর নামে ১০ লাখ টাকার গহনা রয়েছে। সব মিলিয়ে তার ব্যক্তিগত অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১৬ লাখ টাকার সম্পদ। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে মাত্র ১৮ শতাংশ কৃষি জমি, যার বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়েছে ২৩ হাজার টাকা। হলফনামায় তিনি নিজের ওপর কোনো ব্যক্তিগত বা সরকারি ঋণের দায় নেই বলে নিশ্চিত করেছেন।