বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক রাইস কুকার থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের শেষ সম্বল বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতী জাঙ্গাল পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন— ওই গ্রামের মোন্নাফ আলীর শিশু কন্যা মায়সা খাতুন (৫) এবং প্রতিবেশী সামাদ আলীর ছেলে সুমন হোসেন (২৭)। আহতদের দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভূবনগাঁতী জাঙ্গাল পাড়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে মোন্নাফ আলী অটোরিকশা চালিয়ে অতি কষ্টে তাঁর পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতর বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করছিলেন। হঠাৎ রাইস কুকারের বৈদ্যুতিক তার গলে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে এবং নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অটোরিকশা চালকের একমাত্র বসতঘর, আসবাবপত্র ও ঘরে থাকা প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই দুর্ঘটনায় তাদের প্রায় সাড়ে ৩ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন অসহায় পরিবারটি।