মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজিদুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজন আলম।
র্যালি পরবর্তী আলোচনা সভা ও মাতৃকেন্দ্রিক সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা রৌশনারার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দারিদ্র্যপীড়িত মানুষ, প্রবীণ নাগরিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করছে। বর্তমানে জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের দোরগোড়ায় ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাতে ১০ হাজার ৫৫৯ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে। সভায় অন্য বক্তারা সমাজসেবার গুরুত্ব এবং জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় এ দপ্তরের অবদানের কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, সীমিত জনবল নিয়েও অধিদপ্তর ৫৪টি জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করছে। আলোচনা সভা শেষে সমাজসেবা অফিসের আওতায় মাতৃকেন্দ্রিক ৭ জন সদস্যের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রযুক্তি ও মমতার এই মেলবন্ধনে আগামীতে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর আরও জোরালো ভূমিকা রাখবে।