আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চৌকিবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে প্রকৃত উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুনসুর আহমেদ পাশা এবং ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন চঞ্চল। ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্টনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার। কর্মশালায় কালেরপাড়া, চিকাশী, গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করেন।