নওগাঁর পত্নীতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকিলাম বিওপি এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের একটি সরিষা ক্ষেতে তল্লাশি চালায়।
এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সরিষা ক্ষেতের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত টহল কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।