জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কাপ্তাই ৫ নং ইউনিয়ন পরিষদের পুরাতন হলরুমে রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব দীপেন দেওয়ানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান আহমেদের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ দিলদার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল কেন্দ্র কমিটি গঠন এবং পোলিং এজেন্ট নিয়োগ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থীর হাতকে শক্তিশালী করতে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। কাপ্তাই উপজেলায় বিএনপির বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে এবং জেএসএস নির্বাচনে প্রার্থিতা না দেওয়ায় ধানের শীষের প্রার্থীর জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ। একই সাথে সভায় নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে সচেতনভাবে নির্বাচনী প্রচারকার্য চালানোর জন্য রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রতিটি ভোটকেন্দ্রে সক্রিয় অবস্থান নিশ্চিত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।