আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করছে অন্তর্বর্তীকালীন সরকার।
এরই অংশ হিসেবে সারা দেশের ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, সারা দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যে গাজীপুরসহ বেশ কিছু জেলায় ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে সৌর বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ডিএমপি-কে পুনর্গঠন বা বিভক্ত করার বিষয়টিও নিকার সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।