গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে গাজীপুর মহানগরের চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে বাসন, কোনাবাড়ি ও কাশিমপুর মেট্রো থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমান বলেন, “নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে ইতিমধ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বাসন, কোনাবাড়ি ও কাশিমপুরসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, অতীতের ন্যায় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ভোট কারচুপির যে কোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, অতীতে আপনারা অধ্যাপক এম.এ. মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করে গাজীপুরকে মন্ত্রিত্ব উপহার দিয়েছিলেন। ঠিক তেমনি এবারও মুজিবুর রহমানকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে, যেন আমরা তারেক রহমানের কাছ থেকে গাজীপুরের জন্য মন্ত্রিত্ব নিশ্চিত করতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মালেকুল, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাবেক যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ এবং মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ জিয়ার রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।