বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিবেশ ধ্বংসকারী ও কৃষিজমির শত্রু অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে এক ঝটিকা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে কিচক ইউনিয়নের চিলইল এবং আটমুল ইউনিয়নের হাজিপুর পুটখুর এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এই তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে এলাকায় পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছিল। এতে করে যেমন উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ডই বরদাস্ত করা হবে না। জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে জেলসহ আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।